তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি হয়েছে এবং কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন থেকে সবকিছু নিয়মের ওপর পরিচালিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, একটি মোবাইল ফোন ব্যবহার করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাদের সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চান না, কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে অপরিহার্য।
এ সময় প্রতিমন্ত্রী নান্দাইল সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের গার্ড অব অনার গ্রহণ করেন। তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ ও কল্যাণ তহবিল থেকে সহায়তার আশ্বাস দেন।
পরবর্তী সময়ে তিনি নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।
