স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ফার্মাসিস্টস ফোরামের ছয় দফা দাবি

স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে ফার্মাসিস্টস ফোরামের ছয় দফা দাবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি হাসপাতালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো: আজিবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং–৩৩২, ভবন নং–৩, বাংলাদেশ সচিবালয়) এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটি এন্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তি ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে। এ সময় তারা ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

দাবিগুলোর মধ্যে রয়েছে—সকল সরকারি হাসপাতালে হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি সেবা চালু করে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ। এছাড়া, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্ট অন্তর্ভুক্তি, হাসপাতাল ও ক্লিনিক্যাল ফার্মেসি কার্যক্রমের মানোন্নয়নে স্বতন্ত্র ফার্মেসি পরিদপ্তর গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ফার্ম ডি প্রোগ্রাম চালু করার দাবি তোলা হয়।

সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিতে ‘ফার্মাসিস্ট’ ও ‘ডিপ্লোমা ফার্মাসিস্ট’ পদবির সুনির্দিষ্ট ব্যবহার নিশ্চিত করার বিষয়টিও দাবির মধ্যে রয়েছে। ছয় নম্বর দাবিতে ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে (ডিজিডিএ) ড্রাগ সুপার পদে শুধুমাত্র গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এবং ফার্মেসি কাউন্সিল অব বাংলাদেশে নিবন্ধনবিহীন ব্যক্তিদের অবৈধ ফার্মেসি প্র্যাকটিস বন্ধের আহ্বান জানানো হয়।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত দাবি আদায়ে জনসচেতনতা ও জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো. আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, সিনিয়র সহসভাপতি এস এম আনোয়ার মাজিদ তারেক, প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন