তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলনে প্রশাসনের অভিযান

তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলনে প্রশাসনের অভিযান

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার দায়ে ১১টি ইঞ্জিনচালিত নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে টেপাখড়িবাড়ি ও খালিশাচাপানি ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান। তাকে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, বিজিবি ও পুলিশের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাথর উত্তোলনকারীরা পালিয়ে যায়।

এ সময় নদী থেকে উত্তোলিত পাথর বহনের কাজে ব্যবহৃত ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো বিনষ্ট করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে হবে। আমরা প্রশাসনের পক্ষে এটি বন্ধে কাজ করছি। আজকের অভিযান সফল হয়েছে এবং আগামীতে অভিযান চলমান থাকবে।

আরও পড়ুন