মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, প্রস্তুতি সম্পন্ন বিএনপির

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও সফর, প্রস্তুতি সম্পন্ন বিএনপির

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা ফখরুল আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছে জুমার নামাজ আদায় করবেন। এরপর দুপুর ২টায় হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় জেলা শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। এদিনের কর্মসূচি শেষে তিনি রাতে নিজ বাসভবনে অবস্থান করবেন।

শনিবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ১২টায় রামকৃষ্ণ আশ্রম ও মঠ, ঠাকুরগাঁওয়ের আয়োজনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ২টায় জেলা বাস টার্মিনালের উদ্বোধন করবেন। সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা রুহল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মন্ত্রী হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথমবার নিজ জেলায় আসাকে ঘিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, তার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, মন্ত্রী মহোদয়ের সফরে জেলার চলমান উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

জেলা যুবদলের সদস্য সচিব মো. জাহিদ বলেন, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মন্ত্রী হওয়ায় তারা গর্বিত। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তিনি জানিয়েছেন, শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটে মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন এবং তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন সর্বস্তরের মানুষ।

আরও পড়ুন