বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উসকে দিচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের কুদরত উল্লাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, যদি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কার্যক্রম চলতে থাকে, তবে দেশের উন্নতি সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সরকারকে এ ব্যাপারে যথাযথ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি দলের কেউ যদি অপরাধীদের পাশে দাঁড়ায়, তবে সমাজ থেকে অপরাধ দূর করা অসম্ভব হবে।
রাষ্ট্রপতির অভিসংশনের প্রস্তাব সম্পর্কে তিনি জানান, দলের মধ্যে এ নিয়ে এখনও আলোচনা হয়নি, তবে তিনি দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নিতে দলের আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ‘এ সমাজকে আমরা ভালোবাসি। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।’ তিনি সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়ার কথা বলেন, কিন্তু জনগণ ও পরিবেশের ক্ষতি হলে সরকারের বিপক্ষে কথা বলার প্রতিশ্রুতি দেন।
