ফরিদপুরে প্রতিবেশীকে হত্যা, স্বামী-স্ত্রী আটক

ফরিদপুরে প্রতিবেশীকে হত্যা, স্বামী-স্ত্রী আটক

ফরিদপুর শহরের গোয়ালচামটে কাপড় শুকানোর দড়ি টাঙানোকে কেন্দ্র করে প্রতিবেশী জুয়েল মোল্যা (৩৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মোল্যাবাড়ী সড়কের বিহারী কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী ভাঙ্গারী ব্যবসায়ী সরফরাজ শেখের স্ত্রী মনি বেগম কাপড় শুকানোর জন্য জুয়েল মোল্যাদের বাড়ির সামনে দড়ি টাঙাতে যান। এসময় তাকে বাধা দিলে সরফরাজের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জুয়েলকে পিটিয়ে গুরুতর জখম করে, যা তার মৃত্যুর কারণ হয়।

হামলায় নিহত জুয়েলের ছোট ভাই সোহেল মোল্লা (২৪) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাধা দিতে গিয়ে তাদের মা রোকেয়া বেগমও আহত হয়েছেন বলে জানা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সরফরাজ ও মনি বেগমকে আটক করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন