আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা। তবে, পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তাহলে তালেবানও তাদের অবস্থান শক্তিশালী করবে। তিনি জানান, “আমরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছি। এটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমাদের হাত তাদের ঘাড় পর্যন্ত পৌঁছাতে পারে।”
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, “আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানে জোর দিয়েছি এবং এখনো আলোচনার মাধ্যমে বর্তমান লড়াই সমাধান করতে চাই।” তবে, পাকিস্তান কখনো আলোচনায় আগ্রহী ছিল না বলে অভিযোগ করেছেন তিনি।
মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের গোয়েন্দা বিমান আজও তাদের আকাশসীমায় উড়ছে। এছাড়া, পাকিস্তানের সেনাবাহিনীর একটি অংশ এই অঞ্চলের অস্থিতিশীলতার জন্য দায়ী বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগান তালেবান সরকার সন্ত্রাসী সংগঠন টিটিপিকে মদদ দেয়। এই অভিযোগের ভিত্তিতে গত রোববার পাকিস্তান বিমান হামলা চালায়, যার জবাবে আফগান সেনারা গতকাল রাতে পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, টিটিপি হলো একটি অজুহাত এবং পাকিস্তান এই অজুহাত কাজে লাগিয়ে অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান যেসব ‘শয়তানি’ করবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
ভারতের সঙ্গে আফগানিস্তানের ভালো সম্পর্কের কথাও উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেছেন, এ সম্পর্ককে কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে না।
