২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর তিনি আর লাল সবুজের জার্সিতে খেলেননি এবং মামলা থাকার কারণে দেশে আসেননি। তবে, সাকিব একবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষমেশ সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল তাকে।
বর্তমানে সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে এবং গুঞ্জন রয়েছে তিনি পাকিস্তান সিরিজে খেলতে ফিরবেন। এ বিষয়ে আজ শুক্রবার বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ কথা বলেছেন।
ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ ইফতার শেষে গণমাধ্যমকে ফারুক বলেন, “সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।”
ফারুক আহমেদ আরও বলেন, “আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড, খেলোয়াড়, সাংবাদিক সবার সাথে একটি সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।”
