গণঅধিকার পরিষদের সভাপতি এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে।’
তিনি শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গলাচিপা উপজেলা মাঠে এক মতবিনিময় সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নুর বলেন, ‘গলাচিপা-দশমিনায় যদি আমি এমপি হতে না পারতাম, অনেকেই এলাকায় থাকতে পারত না।’
তিনি দাবি করেন, সংসদ সদস্য হওয়ার পর এলাকার পরিবেশ উন্নতির দিকে গেছে এবং ভবিষ্যতে আরও উন্নতি হবে। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, আর করবও না।’
এছাড়া, তিনি জানিয়েছেন, ‘চরের জমি যেন প্রকৃত কৃষকদের দখলে থাকে এবং সাধারণ মানুষকে অতিরিক্ত টাকা আদায় থেকে রক্ষার বিষয়ে সরকার কঠোর অবস্থানে থাকবে।’
নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমখোলা তরমুজ ঘাট ও হরিদেবপুর এলাকায় উন্মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা নেওয়া যাবে না।’
তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে শক্ত ব্যবস্থা নিতে চাই।’
যুবকদের কর্মসংস্থানের বিষয়ে নুর উল্লেখ করেন, ‘আমাদের এখানে কোনো যুবক বা তরুণ যেন বেকার না থাকেন, সেই লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
অনুষ্ঠানে গলাচিপা-দশমিনার শত শত মানুষ ও স্থানীয় বিএনপি এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
