পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে কাজ করছে সৌদি আরব ও কাতার। বার্তাসংস্থা এএফপির সূত্রে জানানো হয়েছে, কাতারের সঙ্গে সমন্বয় করে সৌদি আরব পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। তাদের লক্ষ্য হলো পরিস্থিতির আরও অবনতি রোধ করা এবং সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে না যাওয়া নিশ্চিত করা।
পাকিস্তান জানিয়েছে, আফগানিস্তানের সেনাবাহিনীর ২২টি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে ২৭৪ আফগান সেনা নিহত হয়েছে। অপরদিকে, পাকিস্তান নিজেদের ১২ সেনা নিহতের তথ্য দিয়েছে। আফগান সেনারা বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তানি সেনাদের ওপর সমন্বিত হামলা চালায়। এর আগে রোববার পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছিল, যার জবাব হিসেবে এই হামলা হয়।
পাকিস্তান রাত থেকেই পাল্টা হামলা শুরু করে এবং রাজধানী কাবুলসহ অন্তত চারটি প্রদেশে বিমান হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইংয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান অব্যাহত আছে।
অন্যদিকে, আফগানিস্তানের সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত পাকিস্তানকে সতর্ক করেছেন যে, যদি তারা আরও হামলা চালায় তবে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী জবাব দেওয়া হবে।
