মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের ছয় দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজ জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়াও কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে।

আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি বিকট বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলা দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে। তারা দাবি করেছে, এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, তাদের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধি রোধে ইরানি জাতি সবসময় ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে, তবে সশস্ত্র বাহিনী দেশের রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত।

আরও পড়ুন