ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত করা হয়েছে। ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা এবং সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল স্থগিত বা বাতিল করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিস্থিতি আরো কিছু সময় পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, বিমানের বিজি৩৪৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে দাম্মাম যাচ্ছিল, সেটি মাঝপথ থেকে ফিরে আসছে বলে জানা গেছে। সিভিল এভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ জানিয়েছেন, হযরত শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আপাতত ফ্লাইট চলাচল হোল্ড রাখা হয়েছে।

আরও পড়ুন