ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গুলশানে ফিরলেন

ড. মুহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গুলশানে ফিরলেন

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনকালে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন যমুন ছেড়ে গেছেন। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে চলে যান।

ড. ইউনূসের বহরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) গাড়ি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যানবাহন ছিল। এই বহরটি যমুনা থেকে রওনা হয়ে ইন্টার-কন্টিনেন্টাল মোড় অতিক্রম করে গুলশানে পৌঁছায়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং এরপর থেকে তিনি যমুনাতে অবস্থান করছিলেন।

গত ১২ ফেব্রুয়ারি বিএনপি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, যার প্রধানমন্ত্রী হন তারেক রহমান। সরকার পরিবর্তন ও রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পর ড. ইউনূস গুলশানে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেন।

২২ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছিল যে, তিনি ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ গুলশানে নিজের স্থায়ী ঠিকানায় ফিরে যাবেন।

ড. ইউনূসের পর প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় বসবাস শুরু করতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বিবিসি বাংলাকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কারকাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। তিনি আরও জানান, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।

আরও পড়ুন