মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে।
আইআরজিসি বলেছে, ‘শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।’ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে।
মধ্যপ্রাচ্যের অন্তত ছয়টি দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান, যার মধ্যে কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিও রয়েছে।
এছাড়া, আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হন বলে আল জাজিরা জানিয়েছে। বাহরাইনের মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর এবং জর্ডানে হামলা চালানো হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ফরাসি বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালার লঙ্ঘন হিসেবে গণ্য করা হচ্ছে এবং ইরান এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার দাবি করছে।
