চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যে দ্বৈরথ আবারো নিশ্চিত হয়েছে। গতকাল (শুক্রবার) শেষ ষোলোর ড্রয়ের পর ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেছেন, বিষয়টি ‘একটু অদ্ভুত’ মনে হচ্ছে।
২০১৬ সালে গার্দিওলা ইতিহাদ স্টেডিয়ামে আসার পর থেকে দুই দলের মধ্যে ১১ বার মুখোমুখি হয়েছে। গ্রুপ-স্টেজ ফরম্যাটে অন্তত কোয়ার্টার ফাইনালের আগে দুই দলের দেখা হতো না। তবে এই আসরে কোয়ার্টার ফাইনালের আগেই তিনবার দেখা হবে রিয়াল ও সিটির। গত ডিসেম্বরে লিগ পর্বে ২-১ গোলে মাদ্রিদ ক্লাবকে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা। আগামী মার্চে দুই লেগের খেলা অনুষ্ঠিত হবে, ফলে গার্দিওলার অধীনে সিটি ১৩ বার রিয়ালের মুখোমুখি হবে।
নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাট নিয়ে গার্দিওলা বলেন, ‘হ্যাঁ, এটা একটু অদ্ভুত। গ্রুপ পর্বের শেষ ম্যাচ— রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার মতো— প্রথম ড্রতে পড়ে যায়। এটা ভিন্ন লাগছে।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন এটা ছিল আট, নয়, ১০ দলের, এটা মানিয়ে নেওয়ার প্রশ্ন।’
সিটি পরের পর্বে উঠলে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। সেমিফাইনালে তাদের সামনে পড়তে পারে বর্তমান বিজয়ী পিএসজি। গার্দিওলা বলেন, ‘এটা হতে পারে খুবই অসম্মানজনক। চ্যাম্পিয়ন্স লিগ খুব কঠিন। পরের ধাপে যেতে হলে আপনাকে সেরা দলগুলোর বিপক্ষে জিততে হবে, নয়তো আপনি এর যোগ্য নয়।’
