রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ‘মিনলাইন চাইনিজ রেস্টুরেন্ট’-এর দ্বিতীয় তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন রেস্টুরেন্ট কর্মচারী সুজাত (২৯), মিলন (৫২), মেজবা (৪৫), আসিফ (২০), সজিব (২৬), রুবেল (৩৫) এবং শরীফ (২০)।
দগ্ধ আসিফের বোন সালেহা আক্তার জানান, তার ভাইসহ সহকর্মীরা উত্তরার ওই চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারা দগ্ধ হন। প্রথমে তাদের বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দগ্ধদের বর্তমানে ড্রেসিং চলছে এবং তাদের দগ্ধের পরিমাণ খুব বেশি নয়। সবাইকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
