মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সব ফ্লাইট স্থগিতের পর যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। তারা জানায়, বিমানবন্দরে যাওয়ার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফ্লাইটের অবস্থা যাচাই করে নিতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, মাসকাট, আবু ধাবি, দুবাই, শারজাহ, দোহা এবং জেদ্দা গন্তব্যের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। যাত্রীদের ফ্লাইটের অবস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করতে এবং প্রয়োজনে সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যাত্রীদের রিবুকিং, রিফান্ড বা বিকল্প ভ্রমণ ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত তথ্যগুলো ০৯৬১৩-৭১৩৬০৫, ১৩৬০৫, +৮৮০১৭৭৭-৭৭৭৮০০ থেকে ৮০৬ নম্বরে অথবা [email protected] -এ ইমেইল থেকে জানা যাবে।
গত শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানের পর পাল্টা হামলায় তেহরান অঞ্চলে অনিশ্চয়তা তৈরি করেছে। এর ফলে আন্তর্জাতিক আকাশপথেও প্রভাব পড়েছে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে বিভিন্ন দেশের এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত বা বাতিল করেছে। ঢাকা থেকেও আপাতত ওই অঞ্চলের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে।
