করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে অনুষ্ঠিত বিক্ষোভে অন্তত নয়জন নিহত হয়েছেন। আজ রোববার এই সহিংসতার ঘটনা ঘটে।
শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় খামেনির মৃত্যুর পর করাচিতে বিক্ষোভ শুরু হয়। স্থানীয় উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন জানিয়েছেন, করাচির সিভিল হাসপাতালে অন্তত আট জনের মরদেহ পাঠানো হয়েছে এবং ২০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের বেশির ভাগের শরীরে গুলির আঘাত রয়েছে।
বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আল জাজিরার একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের কমপাউন্ডে প্রবেশ করে এবং সেখানে একটি জানালায় আগুন ধরিয়ে দেয়।
