শেরপুর-৩ আসনে জামায়াতের নতুন প্রার্থী মাসুদুর রহমান

শেরপুর-৩ আসনে জামায়াতের নতুন প্রার্থী মাসুদুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন নিহত প্রার্থী নুরুজ্জামান বাদলের ছোট ভাই মো. মাসুদুর রহমান।

রোববার (১ মার্চ) দুপুরে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। মাসুদুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার এবং শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা ‘ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা জামায়াত জানায়, দলের প্রার্থী ঘোষণা নিয়ে স্থানীয়ভাবে স্বতন্ত্র সিদ্ধান্তের সুযোগ নেই, এবং কেন্দ্রীয়ভাবে যোগ্যতা বিবেচনা করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। এজন্য শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার তৃণমূল নেতাদের পৃথকভাবে গোপন ব্যালটে মতামত নেওয়া হয়।

মাওলানা হাফিজুর রহমান বলেন, তৃণমূলের মতামত ও প্রার্থীর সম্মতি কেন্দ্রে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমানকে প্রার্থী করা হয়েছে, তবে আনুষ্ঠানিক চিঠি এখনও হাতে আসেনি। আজ রাতের মধ্যেই তা পাওয়া যাবে এবং আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

এদিকে, জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। নির্বাচন স্থগিত হওয়ার আগেও তিনিই দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যান। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতা ও ডায়াবেটিসে ভুগছিলেন। পরদিন জেলা রিটার্নিং কর্মকর্তা আসনটির নির্বাচন বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেন। এরপর নির্বাচন কমিশন শেরপুর-৩ আসনের নতুন তফসিল ঘোষণা করে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, আপিল ৬ থেকে ১০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন