স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে এবং জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সেনাবাহিনী মাঠে ছিলো, তবে সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করতে হবে। আইনশৃঙ্খলার অবস্থা বিবেচনা করে সশস্ত্র বাহিনী তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারেও নির্দেশনা জারি করা হয়েছে।
ভারতীয় হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং সীমান্ত হত্যা রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানোর বিষয়েও কথা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩ অধ্যাদেশ ও ১টি আদেশ উত্থাপন করা হবে। ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হয়েছে এবং নতুন নিয়োগের কথাও উল্লেখ করেন। অতীতে দুর্নীতির অভিযোগের কথাও জানান তিনি।
