ইরানে আমেরিকা ও ইসরাইলের বিমান হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। রোববার (১ মার্চ) বাদ যোহর বায়তুল মোকাররম উত্তর গেটে ঢাকা মহানগরী শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, পবিত্র রমজান মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে। তিনি ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী রূপের তীব্র নিন্দা করেন।
ড. কাদের বলেন, কোন স্বাধীন রাষ্ট্রের উপর হামলা মেনে নেওয়া যায় না। ইরানের সাথে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের এ হামলা আন্তর্জাতিক রীতিনীতি বিরুদ্ধ। তিনি এ হামলায় ইরানের একটি স্কুলের শতাধিক শিশুর মৃত্যুর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী করেন।
ইরানি জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি শান্তিকামী বিশ্বকে ইরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের সরকারের কাছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ হামলার বিরুদ্ধে প্রস্তাব আনার দাবি জানান তিনি।
সমাবেশে সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল ও অধ্যাপক মো: আবদুল জলিল উপস্থিত ছিলেন।
