যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে একটি পানশালায় বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে অস্টিনের সিক্সথ স্ট্রিট বিনোদন এলাকায় বাফোর্ডস পানশালায় এ হামলার ঘটনা ঘটে। অস্টিন পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনাস্থলে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে। অস্টিন পুলিশের প্রধান লিসা ডেভিস সংবাদ সম্মেলনে জানান, ওই এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে পুলিশ ও চিকিৎসাকর্মীরা নিয়মিত টহল দেন, যা দ্রুত সাড়া দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে।
অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি চিকিৎসা সেবার প্রধান রবার্ট লুক্রিটজ বলেন, ৫৭ সেকেন্ডের মধ্যে প্যারামেডিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়, যার মধ্যে হামলাকারীও রয়েছে।
আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি। অস্টিনের মেয়র কার্ক ওয়াটসন এ ঘটনা নিয়ে পুলিশ ও উদ্ধারকারীদের দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রশংসা করেছেন।
