ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২টি কোচ, মেরামত চলছে সৈয়দপুরে

ঈদে রেলে যুক্ত হচ্ছে ১১২টি কোচ, মেরামত চলছে সৈয়দপুরে

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াতের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত হচ্ছে ১১২টি রেল কোচ। এবারের ঈদ যাত্রায় এসব কোচ বিভিন্ন আন্তঃনগর ট্রেনবহরে যুক্ত করা হবে।

সোমবার (২ মার্চ) দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা নির্ধারিত আট ঘণ্টার কাজের পর অতিরিক্ত সময় দিচ্ছেন। এমনকি শুক্রবারও তারা কাজ করছেন। ইতোমধ্যে ৭৪টি রেলকোচ পাকশী ও লালমনিরহাট রেলওয়ে বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কারখানার বেশিরভাগ শপ অচল রয়েছে। জনবল সংকটের কারণে কারখানায় ক্যারেজ মেরামতের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগে ১১২টি রেলকোচ মেরামত করে রেলের পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে। ১৪ মার্চের মধ্যে বাকি রেলকোচগুলোও হস্তান্তর করা হবে।

শ্রমিক শিরীন সুলতানা বলেন, “আমাদের ঈদের সময়ে বাড়তি কাজ করতে হয়। আমরা শুক্রবার পর্যন্ত কাজ করছি, তবে আমাদের শ্রমের ফলে দূরের মানুষ পরিবারের সঙ্গে ঈদ কাটাবে, এতে আমরা খুশী।”

ক্যারেজ শপের শ্রমিক আলামিন ইসলাম বলেন, “ঈদে ঘরমুখী মানুষের বাড়ি ফেরা নিবিঘ্নে করতে আমরা রেলকোচ প্রস্তুত করছি। শ্রমিক কম থাকায় আমাদের বাড়তি কাজ করতে হচ্ছে।”

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নুর মোহাম্মদ জানান, জনবল সংকট, বাজেট স্বল্পতা ও উপকরণ সরবরাহসহ নানা সমস্যার মধ্যেও এবারের ঈদযাত্রায় ১১২টি রেলকোচ সংযুক্ত করা হবে। এর মধ্যে ১০০টি সিডিউল এবং ১২টি অতিরিক্ত রেল কোচ থাকবে।

তিনি আরও জানান, ৬৬টি ব্রডগেজ ও ৪৬টি মিটারগেজ কোচের কাজ ১৪ মার্চের মধ্যে শেষ হবে।

আরও পড়ুন