যুক্তরাষ্ট্রের দাবি, রণতরীতে ক্ষেপণাস্ত্রের আঘাত মিথ্যা

যুক্তরাষ্ট্রের দাবি, রণতরীতে ক্ষেপণাস্ত্রের আঘাত মিথ্যা

মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) করেছে, যা যুক্তরাষ্ট্র ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে।

তুরস্কের গণমাধ্যম আনাদালু এজেন্সি জানায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ওই দাবি অস্বীকার করেছে। আইআরজিসি দাবি করে, তারা রণতরীটি লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আইআরজিসির বক্তব্যে বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলা ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং ‘স্থল ও সমুদ্র ক্রমশ সন্ত্রাসী আগ্রাসীদের কবরস্থানে পরিণত হবে।’ সেন্টকম এ দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘লিংকনের কাছাকাছিও পৌঁছাতে পারেনি’।

সেন্টকম আরও জানায়, রণতরীটি ইরানের বিরুদ্ধে হামলায় সমর্থন দিতে বিমান উড্ডয়ন অব্যাহত রেখেছে। শনিবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানের দ্বিতীয় দিনে এ পাল্টাপাল্টি দাবি সামনে আসে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা নিহত হন। এর জবাবে তেহরান মার্কিন স্থাপনা ও উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন