মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ

মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম এই দাবিকে একটি ডাহা ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো রণতরীটির ধারের কাছেও আসতে পারেনি। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন সম্পূর্ণ সচল রয়েছে এবং ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি যৌথ বাহিনীর চলমান সামরিক অভিযানে যুদ্ধবিমান পাঠিয়ে নিরবচ্ছিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছিল যে তারা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন এই রণতরীটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে তাদের আক্রমণ এখন ‘নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে এবং এই অঞ্চল আগ্রাসী বাহিনীর জন্য কবরস্থানে পরিণত হবে।

মূলত শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিশেষ অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুর পর তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মধ্যপ্রাচ্যে মার্কিন ও উপসাগরীয় লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা শুরু করেছে।

আরও পড়ুন