সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
চিঠিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেননি। তিনি এখনও কোনো অনুতপ্ত বিবৃতি দেননি।
২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকারে তার মন্তব্যগুলি বিপ্লবের চেতনা অবমাননা করেছে এবং প্রকৃত সত্যকে মিথ্যাভাবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করা হয়। চিঠিতে দাবি করা হয়েছে যে, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে অব্যাহত থাকার কোনো আইনগত অধিকার নেই।
চিঠির শেষে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সংসদে ভাষণ প্রদানের অনুমতি না দেয়ার ব্যবস্থা নিতে। এই অনুরোধটি ব্যক্তিগত নয়, বরং জনগণের আকাঙ্ক্ষা হিসেবে উল্লেখ করা হয়েছে।
