জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএস শিক্ষা ক্যাডারের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, দীর্ঘ প্রতীক্ষা ও নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষকতা পেশায় যোগদান করায় নবনিযুক্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি জানান, দীর্ঘ বিলম্বের পর তাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
মন্ত্রী ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, “আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনি শিক্ষা দেবেন, তারা আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।”
মন্ত্রী শিক্ষকদের দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ প্রচেষ্টা কামনা করেন তিনি।
শিক্ষা মন্ত্রী ২৭তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত কর্মকর্তাদের চাকরি স্থায়ী হবার মাধ্যমে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি শিক্ষা খাতকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
