কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত হয়েছে বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কুয়েতে ইরানি হামলার মুখে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কুয়েতে একটি কমব্যাট মিশনে থাকা তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান কুয়েতের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ভূপাতিত হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
এটি চলমান যুদ্ধে ইরানের পুরনো বিমান বহরের প্রথম সরাসরি অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হয়। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন যুদ্ধবিমানগুলো ভুলবশত ভূপাতিত হয়েছে।
বিধ্বস্ত হওয়া বিমানগুলোর ছয়জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করে এবং মার্কিন সামরিক বাহিনী কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এদিকে, ইরান দাবি করেছে যে, তারা কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের একটি লক্ষ্যবস্তু ছিল। রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
