মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইযোদ্ধাদের কল্যাণের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। তিনি শহীদ পরিবারের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়টি জানতে চেয়েছেন।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও মন্ত্রণালয়ের সচিব।
মন্ত্রী জানান, জুলাইযোদ্ধাদের তিনটি শ্রেণিতে বিভক্ত করে ক্যাটাগরি করা হয়েছে এবং প্রত্যেক শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা নিশ্চিতে গুরুত্ব দিয়েছেন এবং আহতদের পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রকল্পের কথাও বলেছেন।
মেজর (অব.) হাফিজ আরও বলেন, যারা জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য কিছু স্কিম হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে যাদের ছেলেমেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হয়েছে, তাদের জন্য শিক্ষা ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই চলছে এবং ইতোমধ্যে ৩০০ ভুয়া মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সুবিধা নিশ্চিত করতে এ কার্যক্রম চলমান থাকবে।
