সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আটক ২ যুবদল নেতা

সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর হামলা, আটক ২ যুবদল নেতা

সাতক্ষীরায় প্রেসক্লাবে ঢুকে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে জেলার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আটকরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবলু রহমান ও বিএনপি কর্মী আব্দুর রহিম।

ঘটনার সময় উপস্থিত সাংবাদিকরা জানান, উপজেলা যুবদলের নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে মিলিত হয়। সেই মানববন্ধন থেকে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা অভিযোগ তুলে বক্তব্য রাখেন যুবদল নেতাকর্মীরা।

সাংবাদিকরা আরও জানান, একপর্যায়ে মানববন্ধন চলাকালে হঠাৎ যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫-৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন এবং সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালান। হামলার সময় প্রেসক্লাব সভাপতি ক্লাব থেকে বের করে আনা হয়।

হামলার শিকার সামিউল মনির জানান, গেল ২৩ ফেব্রুয়ারি ‘যুবলীগ-যুবদল-জামায়াত যুব বিভাগ মিলে খোলপেটুয়া-কপোতাক্ষ নদের বালু লুট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর থেকে বালুখেকো চক্রটি তাকে হুমকি দিয়ে আসছিল।

শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর হামলার বিষয়ে বলেন, মানববন্ধন চলাকালে সাংবাদিক গালিগালাজ করছিলেন, তখন নেতাকর্মীরা গিয়ে মারধর করেছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির জানান, হামলায় সাংবাদিকের মাথার বাম পাশে শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। আহত সাংবাদিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বাকি হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন