রংপুরে যুবদল নেতার গ্রেপ্তার, গুলি করে হত্যার হুমকি

রংপুরে যুবদল নেতার গ্রেপ্তার, গুলি করে হত্যার হুমকি

রংপুরে কারাগারে থাকা যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।

সোমবার (২ মার্চ) রাতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গালিবকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর কোতোয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী হয়েছেন ক্যাবল ওয়ান জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল। মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে।

এ ঘটনার পর মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন। রোববার (১ মার্চ) বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫/২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের মারমুখী আচরণ চালায় এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে।

এ সময় গালিবের নির্দেশে অন্য আসামিরা হামলা চালিয়ে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানের ম্যানেজার মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দিয়ে বলেন, ‘তোর বাসায় গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’

ঘটনার পর সোমবার রাতে যুবদল গালিব ও মনুকে বহিষ্কার করে। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, যুবদল নেতা আকিবুল রহমান মনু ফেসবুক লাইভে এসে ঘটনার ভিডিও প্রকাশের পর সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য পৌঁছানোর দাবি করেছেন। তিনি বলেন, ঘটনাটি ষড়যন্ত্র এবং ভুল বোঝাবুঝির ফলস্বরূপ ঘটেছে।

আরও পড়ুন