জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ এখনও জনগণের সরকার পায়নি। তিনি বলেন, ‘যেদিন আমাদের প্রকৃত জনগণের সরকার গঠিত হবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে।’
সোমবার (২ মার্চ) এনসিপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘বেগম খালেদা জিয়া একবার জনসভায় বলেছিলেন, এই সংবিধান জনগণের সরকার গঠিত হলে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আমরা দেখলাম তার ছেলে আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু তারা এই সংবিধান ছুঁড়ে ফেলার সাহস করতে পারছে না, বরং এটাকে রক্ষা করছে।’
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদালতে গেছে। আসিফ বলেন, ‘তারা এক ধরনের ডুয়েল গেম খেলছেন এবং সিলেক্টিভ সংস্কারের বিষয়ে কথা বলছেন।’
আসিফ বলেন, ‘যখন ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছিল, তখন থেকেই বিএনপির বিভিন্ন মাধ্যমে আমরা এই শঙ্কার বিষয়টা শুনছিলাম।’ তিনি উল্লেখ করেন যে, গণভোটে হ্যাঁ জয় হওয়ার মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এখন এই সরকারের জন্য বাধ্যতামূলক।
তিনি সরকারি দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন।’ আসিফ আরও জানান, ‘এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ না করা অত্যন্ত লজ্জাজনক হবে।’
