যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত যুদ্ধ বন্ধে বোঝাতে অন্যান্য দেশের সহায়তা চাইছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। মার্কিন সংবাদমাধ্যম ব্লমবার্গের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাওয়ার কারণে উদ্বিগ্ন দুই দেশ। উপসাগরীয় অঞ্চলের এই ধনী দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালানোর পর, আমিরাত ও কাতারের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে ইরান পাল্টা হামলা চালিয়েছে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কাতার ও আমিরাত মিত্র দেশগুলোকে সতর্ক করেছে যে, এই যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়াতে পারে। কাতারের একজন কর্মকর্তা জানান, যদি জ্বালানি পরিবহণের সামুদ্রিক পথ এ সপ্তাহের মাঝামাঝি সময়ে বাধাগ্রস্ত হয়, তবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
আমিরাত মিডিয়াম রেঞ্জের প্রতিরক্ষা ব্যবস্থা সহায়তা হিসেবে চাইছে। অন্যদিকে, কাতার জানিয়েছে, আগামী চারদিনের মধ্যে তাদের মার্কিন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসবে এবং তারা ড্রোন প্রতিহত করার জন্য অন্য দেশের কাছে সহায়তা কামনা করছে।
