জামায়াতের তিন নেতাকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব

জামায়াতের তিন নেতাকে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব

বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদের ডেপুটি স্পিকারের পদ দেওয়ার প্রস্তাব করেছে সরকারি দল বিএনপি। জাতীয় সংসদের সম্মানের ওই পদের জন্য জামায়াতের তিন নেতার নাম আলোচনায় এসেছে।

জানা গেছে, জামায়াতের একজন নায়েবে আমির এবং দুজন আইনজীবী সংসদ সদস্যের নাম আলোচনার শীর্ষে রয়েছে। তবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানিয়েছেন, এ বিষয়ে জামায়াত এখনও সিদ্ধান্ত নেয়নি।

১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি আলোচনায় আসে। সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি সামনে আনেন। তিনি বলেন, সরকার জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দিয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দিক থেকে সরকার এখন থেকে তা বাস্তবায়ন করতে চায়। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য জামায়াতকে মৌখিক ও সাক্ষাতে অফার করা হয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, ডেপুটি স্পিকারের পদের বিষয়ে দলের নীতিনির্ধারণী ফোরামে এখনও কোনো আলোচনা হয়নি। তবে, বিভিন্ন সূত্রে জানা গেছে, জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম আলোচনায় শীর্ষে রয়েছে।

এছাড়াও, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবং ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমানের নামও সম্ভাব্য ডেপুটি স্পিকার হিসেবে উল্লেখ করা হচ্ছে।

আরও পড়ুন