জাগপা ছাত্রলীগের নাম পরিবর্তন, নতুন নাম ‘জাগপা ছাত্র কাফেলা’

জাগপা ছাত্রলীগের নাম পরিবর্তন, নতুন নাম ‘জাগপা ছাত্র কাফেলা’

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ছাত্র সংগঠনের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনটির নাম থেকে ‘ছাত্রলীগ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, যা ১৯৮০ সাল থেকে ব্যবহৃত হয়ে আসছিল। এখন থেকে সংগঠনটি ‘জাগপা ছাত্র কাফেলা’ নামে কার্যক্রম চালাবে।

জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী জানান, ‘জাগপা ছাত্রলীগ জননেতা শফিউল আলম প্রধানের হাতে তৈরি সংগঠন। এটি জাগপার ছাত্র সংগঠন হিসেবে পরিচিত এবং গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের কারণে দেশের মানুষের মধ্যে ‘ছাত্রলীগ’ নামের প্রতি ঘৃণা সৃষ্টি হয়েছে।’

জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জরুরি বৈঠকে মিলিত হয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। মঙ্গলবার সকালে আব্দুর রহমান ফারুকী জাগপা মুখপাত্র রাশেদ প্রধানকে আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের বিষয়ে অবহিত করেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’ নামে প্রতিষ্ঠিত এই সংগঠনটি পরে ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে পরিচিত হয়। ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হলেও সংগঠনের নেতৃবৃন্দ সেই আদেশ প্রত্যাখ্যান করে ‘ছাত্রলীগ প্রধান’ নামে কার্যক্রম চালায়। ১৯৮০ সালে এটি ‘জাগপা ছাত্রলীগ’ নামে নামকরণ করা হয়।

আরও পড়ুন