শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১২ মার্চের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন। একই সাথে মালিকপক্ষকে বকেয়া বেতন সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৩তম সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন তিনি নিজেই।
সভা শেষে জানানো হয়, দেশের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনা, আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ ও ছুটি মঞ্জুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষকে সমন্বয় করে কাজ করতে হবে যেন জনভোগান্তি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানে শ্রমিকদের কোনো কারণ ছাড়া লে-অফ বা ছাঁটাই করা যাবে না। শ্রম আইন অনুযায়ী, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করবেন।
সভায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ফজলে শামীম এহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী বলেন, দেশে ও বিশ্বের বর্তমান পরিস্থিতি মাথায় রেখে শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়, সেজন্য বেতন-ভাতা সঠিক সময়ে পরিশোধ করতে হবে। সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের কাছে আবেদন জানান।
