যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে চলা এই হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার। তবে ইরানের চলমান সংঘাতে হতাহতের বিষয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানে নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন দলের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি স্থানে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।
