লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে

লেবাননে ৩০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে, বাস্তুচ্যুত আরও অনেকে

লেবাননে চলমান সংঘাতের কারণে অন্তত ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি। জেনেভায় এক সংবাদ সম্মেলনে যোজনা উপস্থাপন করেন জাতিসংঘের শরণার্থী সংস্থার মুখপাত্র বাবর বালুচ। তিনি বলেন, ‘লেবাননের দক্ষিণাঞ্চল, বেকা ও বৈরুতের দক্ষিণ উপশহর জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতির খবর পাওয়া যাচ্ছে।’

বালুচ জানান, ইসরায়েল ৫৩টিরও বেশি লেবাননি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং এই তিনটি অঞ্চলে তীব্র বিমান হামলা চালাচ্ছে। ‘গতকালের হিসাব অনুযায়ী প্রায় ৩০ হাজার মানুষকে নিবন্ধন করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। অনেকেই রাস্তার পাশে নিজেদের গাড়িতে রাত কাটাচ্ছে এবং নিরাপত্তার খোঁজে হেঁটে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করছেন,’ যোগ করেন তিনি।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার জবাবে তিনটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘ইসরায়েলের দিকে হিজবুল্লাহর গোলাবর্ষণ ও ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় লেবাননে সংঘাত বেড়ে যাওয়ায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি দুই পক্ষকেই অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পর পুনরায় ব্যাপক বাস্তুচ্যুতি ঘটার বিষয়টিও উল্লেখ করেন।

আরও পড়ুন