রংপুরে গুলি করে হত্যার হুমকি, দুই যুবদল নেতা জামিনে মুক্ত

রংপুরে গুলি করে হত্যার হুমকি, দুই যুবদল নেতা জামিনে মুক্ত

রংপুরে কারাগারে থাকা যুবলীগ নেতার ‘ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই আসামি জামিন পেয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাশেদ হোসাইন শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত আসামিরা হলেন রংপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব এবং জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মুরাদ কায়সার মিথুন।

এর আগে সোমবার (২ মার্চ) রাতে ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল তাদের বিরুদ্ধে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন।

মামলায় গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পরই র্যাব-১৩ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে গালিব ও মিথুনকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়, যার ফলে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হন এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়।

এদিকে, অভিযোগের মধ্যে বলা হয়েছে, ১ মার্চ গালিব ও মনুসহ ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর মারমুখী আচরণ করে। তারা অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে এবং হুমকি দেয় যে, তাদেরকে আগামীকালের মধ্যে কামাল কাছনা এলাকায় নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে হবে।

আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। তোর বাসায় গিয়ে গুলি করে আসব।’ পরে তারা কর্মীদের মারধর বা খুন-জখমের হুমকি দেন।

এই ঘটনার সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে যুবদলের শীর্ষ নেতারা নড়েচড়ে বসেন এবং অভিযুক্ত দুই নেতাকে ১ মার্চ রাতে বহিষ্কার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন