ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে যে অজুহাত দেখিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা চালিয়েছে, তার কোনো প্রমাণ মেলেনি বলে উল্লেখ করেছে রাশিয়া। আজ মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় মস্কো।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রাখলেও মস্কো এখনও ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি। তিনি জানান, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল, যা ছিল এই যুদ্ধের প্রধান, এমনকি একমাত্র অজুহাত।’
লাভরভ মন্তব্য করেন যে, ইরানের ওপর এই হামলার প্রভাব পুরো অঞ্চলে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো এর অর্থনৈতিক ক্ষতি ও দুর্ভোগ পোহাচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, এই যুদ্ধ প্রয়োজন ছিল ইরানের পরমাণু অস্ত্র তৈরি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাজ থামানোর জন্য।
ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা অস্বীকার করে আসছে এবং মার্কিন-ইসরাইলি হামলাকে আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল, তবে ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে আসেন।
