সিরাজগঞ্জে বিএনপির দুই কর্মী হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপির দুই কর্মী হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির দুই কর্মী হত্যার ঘটনায় সহযোগীসহ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে আছমত আলী, এবং একই গ্রামের তরিকুল ও আশরাফ আলী।

মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যার মূলহোতা আছমত আলী ও তার দুই সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সিরাজগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন, গোয়ালপাড়া গ্রামের মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।

পুলিশ জানায়, গোয়ালপাড়া গ্রামে সরকারি খাস পুকুর নিয়ে আছমত আলী ও বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আছমত আলী পুকুরটি মসজিদের নামে লিজ নিয়ে মাছ চাষ করছিলেন, অন্যদিকে আবুবক্কর সিদ্দিক পুকুরটি ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষাবাদ করছিলেন।

সোমবার সকালে আবুবক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ মারতে গেলে আছমত আলী বাধা দেয়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয়পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়। পরে ৯৯৯ এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়।

আরও পড়ুন