যশোর শহরের শংকরপুর এলাকার ব্যবসায়ী ও আর আর মেডিকেলের মালিক জাহাঙ্গীর আলম শাহীন (৪৫) অপহৃত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজ বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের কাছে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগও দেয়া হয়েছে। জাহাঙ্গীর আলম শাহীন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মরহুম লুৎফর রহমান মাস্টারের ছেলে এবং তিনি বর্তমানে যশোর শহরের ধর্মতলা এলাকায় সপরিবারে বসবাস করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলম শাহীন মোটরসাইকেলযোগে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ধর্মতলার বাসার উদ্দেশে রওনা হন। শংকরপুর পশু হাসপাতালের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা তাকে মোটরসাইকেলসহ তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অপহৃতের স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, অপহরণের পর একটি অজ্ঞাত নম্বর (০১৭১৮৮৮০২৬) থেকে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণ না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
