শিক্ষার্থী-প্রতিবন্ধীদের ট্রেনে ২৫% ভাড়া ছাড় ঘোষণা

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের ট্রেনে ২৫% ভাড়া ছাড় ঘোষণা

মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন যে, এই সুবিধা কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

ভাড়া ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখালে এই ছাড় পাবেন। শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও ভ্রমণের সময় সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া কার্ডটি কার্যকর হবে।

মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই সুবিধা থাকবে কি না, সে বিষয়ে আজ আলোচনা হয়নি। রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘আমরা রেলের সেবার মান ও গতি বৃদ্ধি করতে চাই। বর্তমানে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে।’

ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীচাপ সামলাতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি হলে শিডিউল বিপর্যয় হবে না এবং অতিরিক্ত যাত্রী বহন সহজ হবে। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন।

ঢাকা থেকে বিশাল সংখ্যক মানুষের চাপ প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্য কোথাও দুই দিনের মধ্যে প্রায় দেড় কোটি লোক শহর ছাড়ে না। এর ফলে চাপ সৃষ্টি হয়। আশা করছি, প্রস্তুতি নেওয়া হয়েছে যা স্বস্তিদায়ক ঈদযাত্রার জন্য সহায়ক হবে।’

একদিনের ছুটি বাড়ানোর প্রস্তাব সম্পর্কে মন্ত্রী বলেন, এটি সরকারের সিদ্ধান্তের বিষয় এবং পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আসতে পারে।

আরও পড়ুন