ডেপুটি স্পিকার পদে জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা

ডেপুটি স্পিকার পদে জামায়াত ও এনসিপির প্রার্থী তালিকা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হবে। এই অধিবেশনেই নির্বাচিত হবে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার সরকারি দলের সদস্য হবেন এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে।

জুলাই জাতীয় সনদ ২০২৫ অনুযায়ী, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করার বিধান রাখা হয়েছে। এটি গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দলের মত প্রকাশের ও সংসদ পরিচালনায় অংশগ্রহণ নিশ্চিত করার একটি প্রস্তাব। বিদ্যমান সংবিধানে সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দলের সদস্য হন। তবে জুলাই সনদে এই প্রথা পরিবর্তন করে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার কথা বলা হয়েছে।

গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে আমরা সমঝোতায় এসেছি।’ তিনি জানান, বিএনপি প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে অফার করেছে যাতে তারা ডেপুটি স্পিকার নির্বাচন করে।

জামায়াতের সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন পাবনা-১ আসনের এমপি নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। এনসিপির দায়িত্বশীল এক নেতা জানান, জামায়াতে ইসলামীকে মৌখিকভাবে জানানো হয়েছে যে, ডেপুটি স্পিকার পদটি জোটের পক্ষ থেকে তাদের দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জানান, ‘বিএনপি এ বিষয়ে আমাদের অফার করেছে। তবে এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করা হয়নি।’

আরও পড়ুন