নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মহিলা জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা ঘরে-বাইরে নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান মাসে আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি সামাজিক জীবনে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

নূরুন্নিসা বলেন, ‘রমজান মাস আত্মসংযমের মাস। আসুন এই মাসের পবিত্রতা বজায় রেখে সামাজিক জীবনেও এর হক আদায়ের প্রচেষ্টা চালাই।’ তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিম আর্লি এবং ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডাক্তার হাবিবা চৌধুরী সুইট, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হোসেনা পাশা এবং জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম।

মনিরা শারমিন নারী নির্যাতন প্রতিরোধে দলমত-নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। ডাক্তার হাবিবা চৌধুরী সুইট রমজান মাসে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কথিত সহিংস আচরণের নিন্দা জানিয়ে বলেন, সহযোগিতার পরিবেশ থাকলে নারীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় এবং সবশেষে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।

আরও পড়ুন