ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা গেজেট নেই

ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করা গেজেট নেই

বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছেন। ১০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করা হলেও তা এখন বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না।

বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ বিষয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়েছে। সাধারণত সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট এ ওয়েবসাইটে প্রকাশিত হয়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গেজেট অনুযায়ী ড. ইউনূস দায়িত্ব ছাড়ার পর এক বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সুবিধা পাবেন। এর আগে, ২০২১ সালের বিশেষ নিরাপত্তা আইন অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫ প্রকাশ করা হয়েছিল।

অধ্যাপক ইউনূসের প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ের প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন করেননি। তিনি বলেন, এসএসএফ কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয়ার জন্য আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয়।

১০ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা আইন ২০২১ এর ধারা ২ (ক) অনুযায়ী অধ্যাপক ইউনূসকে তাঁর দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ১ (এক) বছর ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করায় ইউনূসের সরকারের মেয়াদ শেষ হয়।

তবে গেজেটটি এখন সরকারি মুদ্রণালয়ের ওয়েবসাইটে উপলব্ধ নয়। মোহাম্মদ আবু ইউসুফ জানিয়েছেন, কখনও কখনও সংস্থার নির্দেশনার কারণে গেজেটের আদেশের কপি ওয়েবসাইটে প্রকাশ করা হয় না।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের আগষ্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার শপথ নিয়েছিলেন। এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণার ফলে তিনি এসএসএফ নিরাপত্তা সুবিধা পাবেন।

গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কার্যালয় এবং বাসভবনের নিরাপত্তার দায়িত্ব মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে। অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউনিফর্ম পরিহিত ব্যক্তিরা দৃশ্যমানভাবে অস্ত্র বহন করতে পারবেন না।

আরও পড়ুন