সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরান ড্রোন হামলা চালিয়েছে।
মঙ্গলবার বিকালে দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে এই হামলা ঘটে, যেখানে ধোঁয়া উড়তে দেখা যায়। বিবিসি ভেরিফাই ছবির সত্যতা নিশ্চিত করেছে।
কনস্যুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, ড্রোনটি কনস্যুলেটে আছড়ে পড়েছে। অন্য একটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান যে, হামলার সময় ড্রোনটি কনস্যুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে আঘাত হানে। তিনি বলেন, ‘আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে।’
তিনি আরও জানান, ‘আমরা অবশ্যই খুবই ভাগ্যবান কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিজ একটি সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে।’
এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসেও হামলা চালিয়েছিল ইরান, যেখানে ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
