হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে রোনালদো

হ্যামস্ট্রিং চোটে মাঠের বাইরে রোনালদো

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চলমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে আল-নাসরের ম্যাচও। জানা গেছে, রোনালদো এখন ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন।

শনিবার আল-ফেইহার বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে পেনাল্টি মিস করার পর পায়ে অস্বস্তি অনুভব করায় ৮১ মিনিটে মাঠ ছাড়েন রোনালদো। মঙ্গলবার আল-নাসর ক্লাব প্রধান তার চোটের বিষয়টি নিশ্চিত করে জানান, রোনালদো পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং তার চোটের অবস্থা নিয়মিতভাবে মূল্যায়ন করা হবে।

রোনালদো ‘মাসল ফ্যাটিগ’ সমস্যায় ভুগছেন। ম্যাচ শেষে কোচ জর্জ জেসুস বলেন, তিনি আর কোনো ঝুঁকি নিতে চাননি। ক্লাবটি একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ৪১ বছর বয়সী রোনালদো জিমে ভারত্তোলন ট্রেনিং করছেন। আশা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে তিনি ফিট হয়ে উঠবেন।

চোটে পড়ার ম্যাচটি রোনালদোর জন্য সুখকর ছিল না। পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করলেও দল ৩-১ ব্যবধানে জয়ী হয়েছে। বর্তমানে সৌদি প্রো লিগে আল-নাসর আল-আহলির সঙ্গে ৬১ পয়েন্টে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা স্থগিত হওয়ায় রোনালদোকে চোট থেকে সেরে উঠতে সময় মিলছে। চলতি মৌসুমে তিনি ২১টি গোল করেছেন।

রোনালদোর জন্য সামনে বিশ্বকাপের আগমুহূর্ত। তিনি আগামী জুন-জুলাইয়ে বিশ্বকাপের ষষ্ঠ আসরে অংশ নিতে যাচ্ছেন। বিশ্বকাপে তাদের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, কলম্বিয়া এবং ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১-এর বিজয়ী দল। ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু হবে রোনালদো ও তার সতীর্থদের।

এদিকে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে রোনালদোর নিরাপত্তা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ ছিল। তবে তার বিলাসবহুল বিমান সৌদি আরব ছাড়ার খবর কিছুটা স্বস্তি দিয়েছে। সংবাদমাধ্যম ‘দ্য সান’ বিমানটিকে একটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বর্ণনা করেছে।

আরও পড়ুন