মির্জা ফখরুলের নতুন দায়িত্ব, জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি

মির্জা ফখরুলের নতুন দায়িত্ব, জনগণের প্রতি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি

বিএনপির নতুন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিকল্প সভাপতি হিসেবেও নিয়োগ পেয়েছেন। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মির্জা ফখরুল উল্লেখ করেন, ‘বিএনপি সরকার গঠন করেছে দুই সপ্তাহ হলো। আমি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার ওপর আস্থা রাখার জন্য।’

তিনি বলেন, ‘সরকারের কাজ এবং ঠাকুরগাঁও সফরের কারণে গত কয়েকদিন খুব ব্যস্ত সময় কেটেছে। আজ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগাঁওবাসী, দেশের আপামর ছাত্র-জনতা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ যারা আমাদের জন্য নিরলস পরিশ্রম করেছেন।’

মির্জা ফখরুল আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, সাংবাদিকদের, নির্বাচন কমিশন, এবং সরকারের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘একটি চমৎকার নির্বাচন সম্পন্ন করা, সুষ্ঠুভাবে সরকার গঠন এবং গত দুই সপ্তাহ দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, ‘১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর একদিনে সবকিছু পরিবর্তন সম্ভব নয়। তবে ইনশাআল্লাহ, আমরা নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।’

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশকে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

আরও পড়ুন