শ্রীলঙ্কা গত বুধবার ইরানের ফ্রিগেট শ্রেণির যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা থেকে ৩২ গুরুতর আহত নাবিককে উদ্ধার করেছে।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথ জানিয়েছেন, যুদ্ধজাহাজটি শ্রীলঙ্কার জলসীমার ৪০ কিলোমিটার দূরে ডুবে যায়। আহত নাবিকদের দক্ষিণের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হেরাথ বলেন, উদ্ধারকাজে সহায়তা করতে শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি নৌযান ও একটি উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। তবে জাহাজডুবির কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বিদ্ধিকা সামপাথ জানান, আন্তর্জাতিক নৌচলাচলের দায়বদ্ধতা অনুযায়ী উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত নাবিকদের গল শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বিরোধীদলীয় আইনপ্রণেতারা মন্ত্রীর কাছে জানতে চান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওই যুদ্ধজাহাজটি আক্রান্ত হয়েছিল কিনা। তবে সরকারের পক্ষ থেকে এ প্রশ্নের কোনো জবাব আসেনি।
উল্লেখ্য, আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনীর নয়টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।
